চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই ‘প্রবাসী কার্ডের’ মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনসহ দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুবিধা পাবেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।
তিনি আরও জানান, দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

