ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে আন্দোলনরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা দেওয়া এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং শাস্তির বিষয়ে সুপারিশসহ দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার শাখার উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপুকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, তিনি তদন্ত কমিটি গঠনের চিঠি পেয়েছেন। আগামী শনিবার সংশ্লিষ্টদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিভাগটির সভাপতি হিসেবে নিজ বিভাগের শিক্ষক নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দুটি গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির মধ্যে প্রক্টরিয়াল বডির সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

