জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে এক বিশেষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন গঠিত প্যানেলের সার্বিক তদারকিতে এই ভোট কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় সংসদের অধিকাংশ সদস্য নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে অনুপস্থিত দেখা গেছে তিন সংসদ সদস্যকে।
যে তিন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংসদ সূত্রে জানা গেছে, প্রবীণ নেতা মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে অবস্থান করছেন। অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শেষ সময় পর্যন্ত কেন্দ্রে উপস্থিত হননি।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, আসনভিত্তিক ভোটাভুটির জন্য নির্ধারিত তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছিল। সংসদ সদস্যরা ব্যালট পেপারে নিজ নিজ স্বাক্ষর দিয়ে গোপনীয়তা রক্ষা করে ভোট জমা দেন। ভোটগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন সদস্যরা। নির্ধারিত সময় শেষে নিয়মানুযায়ী প্রকাশ্যে ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে।

