ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বিদ্যুৎ স্টেশন নির্মাণের জন্য নিজের ৩৮ শতাংশ জমি দান করে জনকল্যাণমূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন পারফেক্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান। দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসন এবং স্থানীয় কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্যের উন্নতির স্বার্থে তাঁর এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। আতাউর রহমান পার্শ্ববর্তী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসামদিয়া, কোন্দারদিয়া, নাগদী, আমড়দী ও নতিবদিয়াসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ভোল্টেজের ওঠানামা ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবিরতা বিরাজ করছিল। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ বিভাগের উদ্যোগে হাসামদিয়া গ্রামে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জমির ঘাটতি মেটাতে আতাউর রহমান এগিয়ে আসেন এবং জনস্বার্থে নিজ মালিকানাধীন ৩৮ শতক জমি দান করেন।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে এই অঞ্চলে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দানবীর মো. আতাউর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, নিজ জন্মভূমির মানুষের ভোগান্তি নিরসনে অবদান রাখতে পারা পরম আনন্দের; ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধ্যমতো পাশে থাকবেন।

