ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাত ৮টার দিকে ফরিদপুর কোতয়ালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মরদেহটির দুই হাতে শাখা চুড়ি, বাঁ হাতে একটি ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ এবং গলার অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।
ফরিদপুর নৌ-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং আঙুলের অংশ নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতে পারে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

