ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ভাতিজা ও চাচাতো ভাইয়ের হামলায় তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তাঁর ভাতিজা ও চাচাতো ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লাঠি দিয়ে তবিবারের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে চাচাতো ভাই সাকিল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাকিলসহ জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

