বিগত ১৮ বছরের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আজ দেশে তীব্র গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনাল বিকল হওয়ার পেছনের মূল কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নিম্নমানের কাজ ও প্রকল্পকেন্দ্রিক দুর্নীতি। ফলে কোনো উদ্যোগই টেকসই সুফল দিতে পারছে না। তবে বর্তমান সরকার অনাকাঙ্ক্ষিত এই সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে সমন্বিত উদ্যোগে স্থায়ী সমাধানের চেষ্টা চালাচ্ছে।
রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিএনপি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে স্বীকৃতি দেওয়ায় তিনি জামায়াতকে ধন্যবাদ জানান। তবে জামায়াতের দ্বিমুখী নীতির সমালোচনা করে বিএনপিকে সহায়তার আহ্বান জানান তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে বলেও সাফ জানিয়ে দেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

