বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল মন্ডলকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল মন্ডল আশোকোলা এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বাঘোপাড়া বন্দর থেকে নিজের বাড়ি ফিরছিলেন সাইফুল। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন একটি ধানখেতে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সাইফুলের আত্মচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থা জোরালো তদন্ত শুরু করেছে।

