পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার ও খাবারে তেলাপোকার গন্ধের অভিযোগ যাচাই করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। গত শনিবার দুপুরে রোগীদের খাবার বিতরণকালে চামচ দিয়ে তুলে নাকের কাছে নিয়ে তা শুঁকে দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, জেলা ছাত্রদলের এক নেতার স্বজনকে দেখতে হাসপাতালে যান মজিবুর রহমান। এ সময় একাধিক রোগী খাবারের মান ও তেলাপোকার উপদ্রব নিয়ে তাঁর কাছে অভিযোগ করেন। এরপরই তিনি বিতরণের চাল-তরকারি চামচে তুলে শুঁকে দেখেন। অনেকে তাঁর এই কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশ্ন তোলেন, জনপ্রতিনিধি না হয়েও একজন রাজনৈতিক নেতা কীভাবে হাসপাতালের ভেতরের প্রশাসনিক মান যাচাই করেন। তবে বিএনপি নেতা মজিবুর রহমানের দাবি, রোগীদের বিশেষ অনুরোধেই তিনি খাবারের গন্ধ পরীক্ষা করেছিলেন এবং বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
হাসপাতালের বাবুর্চি মুজিবুর রহমান অবশ্য খাবারে তেলাপোকার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, রোগীদের খাদ্যের নিরাপত্তা ও মান নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

