ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামের এক ভণ্ড কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ শেখ আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাজাপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ চিকিৎসার জন্য ওই কিশোরীকে হানিফ শেখের কাছে নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ মার্চ চিকিৎসার আড়ালে কিশোরীকে একা ঘরে পেয়ে যৌন নিপীড়ন চালান তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মধুসূধন পান্ডে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

