রাঙামাটির বাঘাইছড়িতে বন্যপ্রাণী সংরক্ষণ, বন পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুদ্দোহার সভাপতিত্বে ও মিলন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের ডা. মো. শওকত হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিম সারোয়ার। সভায় প্রকল্পের লক্ষ্য, সার্বিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন যাওয়াদ বিন মোস্তফা।
সভায় বক্তারা বলেন, পাহাড়ে বন ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, প্রাকৃতিক ঝিরি শুকিয়ে যাওয়া, বন্যপ্রাণীর অবৈধ পাচার ও প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ গুরুতর হুমকির মুখে পড়ছে। এ প্রকল্পের অধীনে লাম চিতাসহ বিভিন্ন বিরল বিড়াল প্রজাতির আবাসস্থল জরিপ ও রোপণের মাধ্যমে বন পুনরুদ্ধার, ভূমিধস প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প জীবিকা সংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

