ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবস্থিত বামুনিয়া গ্রামে থাকা পশিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (১৭), লাহিড়ী ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী হিন্দু যুবক রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইলে বাড়ি থেকে বাইরে ডাকায় বের হয়ে গেলে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
ঘটনার দুই দিন পর কলেজছাত্রীর বাবা পশিরুল ইসলাম বাধ্য হয়ে রমিক চন্দ্র, তার বাবা গ্রাম পুলিশ সুমন্ত চন্দ্র সিংহসহ মোট পাঁচজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের দীর্ঘ সময় পার হওয়ার পরেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার বা ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
অভিযুক্তদের পার্শ্ববর্তী ভারতে নিয়মিত যাতায়াত থাকায় পরিবারে পাচারের ভয় ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ছাত্রীর মা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে পাগলপ্রায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বাবা পশিরুল ইসলাম বলেন, প্রধান আসামীর বাবা সুমন্ত চন্দ্র সিংহ এলাকায় থাকায় মেয়েকে উদ্ধার সম্ভব হতো, কিন্তু পুলিশ শুরুতে বিষয়টি গুরুত্ব দেয়নি।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, পরিবার দেরিতে বিষয়টি জানিয়েছে। মোবাইলের লোকেশন বের করে আসামীদের ধরার চেষ্টা চলছে। গণমাধ্যমে প্রচারের পর ছবি দেখে কেউ চিনলে পুলিশকে অবগত করার কথা বলেন তিনি।

