প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

