২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়।
নীতিমালা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার এবং উপজেলা ও মফস্সলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও কলেজে ঢাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। এছাড়া একাদশে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে।

