সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা জানাতে নাম-পরিচয় গোপন রাখার সুবিধাসহ চালু হয়েছে নতুন ওয়েবসাইট ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত ২১ আগস্ট সাইফ কবির ও শাহেদ শরিফ নামে দুই বন্ধু মিলে এটি চালু করেন। চালুর প্রথম দুই দিনেই সাইটটিতে ৮০৪টি অভিযোগ জমা পড়ে, যেখানে দাবি করা ঘুষের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
ওয়েবসাইটটিতে অভিযোগ জানাতে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, চাওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিতে হয়। কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই দুই মিনিটের মধ্যে এ তথ্য জানানো সম্ভব। তবে উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং কোন দপ্তর বা সেবায় ঘুষ চাওয়ার অভিযোগ বেশি, তার একটি সামগ্রিক ছবি তুলে ধরাই মূল লক্ষ্য। তাই কোনো ব্যক্তির নাম, পদবি বা ব্যক্তিগত তথ্য মডারেশনের মাধ্যমে বাদ দিয়ে কেবল উন্মুক্ত তথ্য প্রকাশ করা হয়।
সংগৃহীত তথ্যে দেখা গেছে, সর্বোচ্চ ৪৩০টি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে এবং অভিযোগকারীদের ১৮ শতাংশ ঘুষ দিতে অস্বীকার করেছেন। তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, এটি দুর্নীতি দমন কমিশনের বিকল্প বা কোনো প্রাতিষ্ঠানিক তদন্ত সংস্থা নয় এবং সাইটের তথ্যগুলো যাচাইকৃত প্রমাণের দাবি করে না। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা ও অন্যায্য দাবি প্রত্যাখ্যানের সাহস যোগানো।

