নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তারা।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস। তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট একই পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল।
দুর্যোগের কারণে ওই সড়কটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং চালিয়ে যাওয়াকে উপযুক্ত মনে করেননি অপু। মানুষের এমন দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করাকে অমানবিক মনে হতে পারে—এমন চিন্তা থেকেই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে অপু বিশ্বাস ও শুটিং ইউনিটের সদস্যরা নিরাপদে দেশে ফিরে আসেন। ‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা।

