নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। গত ২৭ আগস্ট এক দিনেই চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। অপর দুজনের সন্ধানে অনুসন্ধান চলছে।
সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কারও কারও মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। পরে পারিবারিক বাধা, অভিভাবকের শাসন কিংবা সম্পর্ক মেনে না নেওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বেচ্ছায় বাড়ি ছাড়ছে। তবে সব নিখোঁজের ঘটনাকে প্রেমের সম্পর্কের সঙ্গে যুক্ত করা যায় না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, কোনো কিশোরী নিখোঁজ হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত পুলিশকে জানানো জরুরি। নিখোঁজ ব্যক্তির সাম্প্রতিক ছবি, মুঠোফোন নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—এসব তথ্য দ্রুত দিলে অনুসন্ধানে সহায়তা পাওয়া যায়।
সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক যোগাযোগের ঘাটতি, কিশোর বয়সের আবেগ এবং অনলাইনে নিরাপদ যোগাযোগ সম্পর্কে অসচেতনতার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

