পটুয়াখালীর দুমকীতে একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের থাকার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে এক মুসল্লি মসজিদের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। পরে নির্ধারিত কক্ষে সায়েমকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, কক্ষে ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে এবং সায়েমের গলায় দাগ রয়েছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

