চুয়াডাঙ্গায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ও ইজিবাইকের চলাচল নিয়ে বিরোধের জেরে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শ্রমিকদের ওপর হামলার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ ও কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ সুপার ও প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হলেও মালিক পক্ষ শনিবার থেকে জেলার সব রুটে ধর্মঘটের ঘোষণা দেয়।
মালিক ও শ্রমিক নেতাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে বাস টার্মিনালে অপেক্ষা করছেন, আবার কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

