দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু দুষ্কৃতিকারী বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কোনোভাবেই সহ্য করবে না। কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে সরকার শতভাগ সতর্ক রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির উর্বরতা ও গুণাগুণ অত্যন্ত চমৎকার। এখানকার মাটি ও আবহাওয়ার বৈচিত্র্যের কারণে তুলনামূলক কম সার ব্যবহার করেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব, যার দরুন এ অঞ্চলে পেঁয়াজ ও পাটের ফলন অসাধারণ হয়।
পরবর্তীতে তিনি ফরিদপুর সদর উপজেলা হলরুমে স্থানীয় পেঁয়াজ ও পাট চাষীদের সাথে এক পৃথক মতবিনিময় সভায় যোগ দেন। ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

