নওগাঁর মান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক বাড়িতে ঢুকে মালামাল চুরির সময় তিন ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৯ আগস্ট) মান্দা উপজেলার পারুই-টুঙ্গি গ্রামের সুকুমার প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে সুকুমার প্রামাণিকের বাড়িতে প্রবেশ করেন। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও আতঙ্কিত করে ঘরের বিভিন্ন মালামাল লুট করে চুরির চেষ্টা চালান। চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের জিম্মায় নেয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— বেলাল হোসেন (২৫), আমিনুল ইসলাম (৩১) ও ছহির উদ্দিন (২৯)। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি পরিচয়ে চুরি ও জালিয়াতির এই ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

