রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে যাওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতনের বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে পর্যটকদের প্রবেশ ও চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল রেকর্ড করা হয়। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
পর্যটন কর্পোরেশন জানিয়েছে, পাটাতনের অধিকাংশ অংশ পানিতে ডুবে যাওয়ায় বর্তমানে সেতুতে পর্যটকদের চলাচল নিরাপদ নয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে।
এদিকে হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টা থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

