পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি এড়াতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বড় একটি অংশ পানির নিচে থাকায় সেখানে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে ১০৫ দশমিক ৫৪ এমএলএম পানি রয়েছে। এ পানি দিয়ে পাঁচটি ইউনিটে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে ঝুলন্ত সেতুটি তলিয়ে যায়।
সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকদের অনেকে নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।

