কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্বগুণের দীর্ঘমেয়াদি বিকাশ এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দিতে এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে ‘জেনারেল মেম্বার ইন্ডাকশন ৫.০’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলামিন সরকার।
আয়োজন সম্পর্কে ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, জিএম ইন্ডাকশন ৫.০ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সুন্দর, দক্ষ ও অর্থবহ করার উদ্যোগ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, দায়িত্ববোধ ও বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, এ আয়োজনের মাধ্যমে শুধু নতুন সদস্যদের স্বাগত জানানো হচ্ছে না, বরং তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি যাত্রা শুরু হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শেখার পাশাপাশি বাস্তবে কাজ, দায়িত্ব গ্রহণ ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হচ্ছে।

