রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। নবগঠিত এই সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে চ্যানেল আই-এর শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে আড়ম্বরপূর্ণ এক উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণের পাশাপাশি এ ফোরাম নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়নমূলক সম্ভাবনা জাতীয় পরিসরে ইতিবাচকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক, বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

