রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে (অ্যানেক্স ভবন) নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে রাঙামাটির সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নবউদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য ও হস্তান্তরিত বিভাগীয় দপ্তর প্রধানগণ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দীপন তালুকদার সকল দপ্তরপ্রধানকে নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও বৈষম্যহীনতার নীতি অনুসরণ করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। তিনি রাঙামাটির স্থানীয় প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদকে দেশের সামগ্রিক কল্যাণে কাজে লাগানোর ওপর জোর দেন। বিশেষ করে মৎস্য, কৃষি ও পর্যটন খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সরকারি সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও দপ্তরপ্রধানগণ নিজ নিজ দপ্তরের বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত কাজের অগ্রগতি তুলে ধরেন। পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা খাতের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সাথে গভীর সমন্বয় বজায় রেখে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়।

