বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল অষ্টম শ্রেণির চলতি বছরের বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে, তবে ফি পরিশোধের শেষ সময় ১১ সেপ্টেম্বর। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড অনুমোদিত সব স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। একইভাবে, দাখিল ৮ম শ্রেণির ক্ষেত্রেও ৬ষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ পাবে।
ফি ও ফরম পূরণের নিয়মাবলি:
-
ফি: প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি ৪০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য) এবং কেন্দ্র ফি ২০০ টাকা (সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে) নির্ধারণ করা হয়েছে।
-
ইবতেদায়ি ৫ম শ্রেণি: বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশনের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে ফি জমা দিতে হবে। ফি পরিশোধের পর শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম ও জন্ম নিবন্ধন নম্বর অনুযায়ী নির্ভুল তথ্য এন্ট্রি করতে হবে।
-
দাখিল ৮ম শ্রেণি: ওয়েবসাইটের ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন থেকে সম্ভাব্য তালিকা প্রিন্ট করে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। ফি পরিশোধের ২৪ ঘণ্টা পর চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা প্রিন্ট করে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিতে হবে।

