ময়মনসিংহের ত্রিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর উজানপাড়া এলাকার ঠাকুরবাড়ী মোড় ও বালিপাড়া সড়ক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নান্দাইল থেকে ত্রিশালগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
একই সকালে বালিপাড়া সড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির চাপায় মারিয়া বেগম (২৫) নামে এক নারী পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত ফয়জুল (৩৪) ও রুবেল (৩০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হৃদয় (২২) ও নাবিল (২২) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত দুজনের পরিচয় শনাক্তে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। অন্যদিকে মারিয়া বেগমের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দের প্রক্রিয়া চলছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

