ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ববিরোধের জেরে আবু মুসা (৩৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে। হামলায় আবু মুসার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাঠের কাজ শেষে বাড়ি ফিরে ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন আবু মুসা। পথে গোয়ালপাড়া বাজার এলাকায় তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত আবু মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন জানান, হামলায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম পায়েও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের স্ত্রী বিউটি খাতুনের দাবি, মামুন তার স্বামীর চাচাতো ভাই। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা মামুনের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, অভিযুক্ত মামুন মোল্লার বিরুদ্ধে এর আগে গোয়ালপাড়া বাজারের একটি দোকানে চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার তথ্য রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

