সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ, নকশা অনুমোদন ও অতিরিক্ত তলা নির্মাণসংক্রান্ত দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করবেন।
মামলার অপর আসামিরা হলেন—সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের অধিকাংশই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। ভবনটির নির্মাণ, নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ ও পোশাক কারখানা স্থাপনের অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদক তদন্ত শুরু করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১২ বছরের বেশি সময় পর আজ মামলাটির রায় ঘোষণা হতে যাচ্ছে।

