ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের প্রায় ৩০ জন যুবক ফুটবল খেলা শেষে একটি মিনি ট্রাকে করে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ জানান, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং গুরুতর আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য রেফার করার সিদ্ধান্ত নেওয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

