বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুল রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশকে যে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, তা চিরস্মরণীয়। তাঁর সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। জাতীয়তাবাদী দল সব সময় দেশের উন্নয়ন ও জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করে এসেছে।”
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

