জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানানোর পাশাপাশি সাংবাদিক সমিতির নেতাদের হাতে উপহার হিসেবে সবুজ গাছের চারা তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন ছাত্রশিবিরের প্রতিনিধিরা। এ সময় ছাত্রশিবির জাবিপ্রবি শাখার সভাপতি মামুনুর রশীদ বলেন, “সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল একটি পেশা। বিশ্ববিদ্যালয়ের নানা সম্ভাবনা, অর্জনের পাশাপাশি অনিয়মগুলো তুলে ধরে শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”
শাখা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক চিত্র তুলে ধরতে সর্বদা সচেষ্ট থাকবে।
ছাত্রশিবির নেতাদের এই সৌজন্যমূলক অভিনন্দন ও উপহারের জন্য ধন্যবাদ জানান জাবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। তাঁরা ক্যাম্পাসে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে উভয় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

