জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও সৃজনকর্ম নিয়ে আরও নিবিড় পাঠ, গবেষণা ও চর্চার সুযোগ করে দিতে এ কর্নার স্থাপন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রহমত আলী ও অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, ‘আশীর্বাদ চলচ্চিত্র’-এর প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা রশীদ ব্রাউনিয়া, উপস্থাপক দীপ্তি চৌধুরী এবং শিক্ষক ও গবেষক মুশতাক ইবনে আইয়ুব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান। একই আয়োজনে ‘সৃজনে নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সংগীত, নৃত্যকলা ও ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরিবেশিত হয় নাটিকা, একক ও সমবেত সংগীত, নৃত্য এবং ফ্যাশন শো।
আলোচনায় বক্তারা নজরুলের সাম্য, মানবতা, স্বাধীনচেতনা ও অসাম্প্রদায়িক জীবনদর্শনের সমকালীন গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নজরুলকে শুধু স্মরণ নয়, নিয়মিত পাঠ, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ‘নজরুল কর্নার’ এ ধারাবাহিক চর্চার একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘নজরুল কর্নার’-এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনাকে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। পাশাপাশি সৃজনশীল শিক্ষার পরিসরে নজরুলের মানবিক ও মুক্তচিন্তার দর্শন নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একাডেমিক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

