নেপালের ভোটেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। ছয় দিন অতিবাহিত হওয়ার পরও এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এক সর্বশেষ হালনাগাদ তথ্যে এ খবর নিশ্চিত করেছে।
নেপাল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুর্যোগের উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারতের সীমানা থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়।
সংগৃহীত মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ৯৫টি মরদেহ আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৯১১টি মরদেহের বিশদ বিবরণ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে স্বজনরা নিখোঁজ প্রিয়জনকে শনাক্ত করতে পারেন।
বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৬ হাজার ৫৪১ জনকে। নতুন করে আবার বন্যার আশঙ্কা সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থা সচল করতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

