ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদযাপন পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় কীর্তন, বিকেল ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি এবং রাত ৮টার দিকে শ্রীকৃষ্ণের জন্মাভিষেক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে।
পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, ধর্ম প্রতিষ্ঠা ও দুষ্টের দমনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তাঁর আদর্শ শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক। তিনি বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও বাস্তবে এখনো কিছু বৈষম্য রয়েছে। দীর্ঘ আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ে একটি প্রার্থনা কক্ষ পাওয়া গেলেও এখনো মন্দির প্রতিষ্ঠিত হয়নি। বিষয়টি বর্তমান প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ মানুষকে সত্য, ন্যায়, প্রেম ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। তিনি জগতের সব প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

