অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে ভাষায় প্রতিবাদ করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিফাতকে ‘ভালোয় ভালোয়’ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাকে ছেড়ে না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে সরকারের প্রতি সতর্কবার্তা দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে সমর্থন না করলেও তিনি যে বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে তার সঙ্গে একাত্ম হয়ে প্রতিবাদ করবে। এ সময় তিনি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দফা হিসেবে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করা হবে না।

