গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। একই সঙ্গে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান।
সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম। এতে সমিতির উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ তাদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান।
তারা আরও বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর মেনে নেওয়া হবে না। একই সঙ্গে পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা।
অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।
এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা এবং এতে প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন।

