রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে বিদিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মো. মাসুদ মিয়া। তার আইনজীবী জানান, অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো না হলে বিদিশার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন বিদিশা।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা ওই মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাইকোর্টের জামিন আদেশের পর অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার বা আটক দেখানো না হলে বিদিশা সিদ্দিকের মুক্তির পথ খুলবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

