অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় ভিডিও প্রকাশের পর গ্রেপ্তার হওয়া গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর বাসার বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে তার অভিযোগের সঙ্গে ভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতদের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। ২০২৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
এর মধ্যে একটি মিটারে চার মাসে ৩২০ ইউনিটের বিল ২ হাজার ৩৫৪ টাকা, দ্বিতীয় মিটারে ১ হাজার ১৩৫ ইউনিটের বিল ৯ হাজার ৩৮৭ টাকা এবং তৃতীয় মিটারে ৬২৫ ইউনিটের বিল ৪ হাজার ৫৩২ টাকা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, তদন্তের সময় বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের তালিকা চাইলে পরিবারের পক্ষ থেকে তা দিতে অস্বীকৃতি জানানো হয় এবং গেট বন্ধ করে দেওয়া হয়। তবে সিফাতের পক্ষের দাবি, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রকৃত তথ্য না দিয়ে ‘ভৌতিক’ তথ্য উপস্থাপন করছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, মিটারের রিডিং ও বিল তৈরিতে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি।

