হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’-এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি দর্জির দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকানের ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে তাদের দোকানের মালামাল ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন।

