রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করবে কমিশন।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, উপনির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে। পোস্টাল ভোটিংসহ প্রয়োজনীয় আইটি সহায়তার প্রস্তুতিও চলছে। পূজা ও পরীক্ষা বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
গত ২২ আগস্ট সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে, গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার সংসদীয় আসনটি শূন্য হয়।

