চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে ফেক ফেসবুক পেজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত। পরে এসব পেজে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জবসহ বিভিন্ন পণ্য ও সেবার ভিডিও, শর্ট রিল ও ভুয়া কমেন্ট তৈরি করে আকর্ষণীয় অফার ও বিজ্ঞাপন প্রচার করা হতো।
ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চক্রের সদস্যরা অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহার করত। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আবদুল কাদের, সাকিবসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত।
প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা ভুয়া ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স ব্যবহার করে নকল ভাউচার তৈরি করত। এরপর গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
দুটি মামলার সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। পরে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অনলাইন প্রতারণা প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

