রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর ১টা ৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

