বজ্রপাতের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার গেইটের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এলাকায় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেইটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, গ্যাস রাইজারে বজ্রপাতের পর আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

