কক্সবাজারের পর্যটন জোনে পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তার জিয়াবুল হক (৩২) চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন। সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান, হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের হোটেল ও রিসোর্টে যায়। এ সময় চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হবে বলে হোটেল কর্তৃপক্ষকে জানায়।
পরে পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে তারা। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-১২, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬। মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করে।
অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

