রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। একই সময়ে ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৭১টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা করা হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০৪টি, গুলশান বিভাগে ৩১১টি, মতিঝিল বিভাগে ২৬৫টি, লালবাগ বিভাগে ১৬১টি, তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং রমনা বিভাগে ১১৯টি মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

