আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রেরই অংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এসব সংকট সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে বিরোধী দল লংমার্চ করছে। তিনি প্রশ্ন রাখেন, লংমার্চ করে কী ধরনের সমস্যার সমাধান হবে?
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, স্বার্থের জন্য জামায়াত তার শত্রুদের সঙ্গেও আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে জামায়াত আমির দিল্লিতে থাকতেন।”
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন, জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লংমার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লংমার্চ করার ঘোষণা দিয়েছে। তার দাবি, জামায়াতের এসব লংমার্চ এবং আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার অপচেষ্টা। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় রাশেদ খান ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা প্রচার করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

