ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। এখনো নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহের টুকরোগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বোয়ালিয়া এলাকায় মহাসড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে।
পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয় টুকরো মরদেহের অংশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

