বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সম্পৃক্ততা আরও জোরদার করছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC)। ‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়াকে বিশ্বস্ত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা গন্তব্য হিসেবে তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
বাংলাদেশের স্বাস্থ্যসেবা, করপোরেট ও সংশ্লিষ্ট শিল্পখাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলেও মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে বৈঠক করেছে MHTC। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী মালয়েশিয়াকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে সমর্থন করেন এবং দুই দেশের স্বাস্থ্যসেবা খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
এ উদ্যোগের ধারাবাহিকতায় সেপ্টেম্বরের কর্মসূচিতে বাংলাদেশের রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে মালয়েশিয়ার পাঁচটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—Alpha IVF Specialist Center, IHH Healthcare Malaysia, KL Fertility and Gynecology Centre, Sunway Medical Centre এবং KPJ Ampang Puteri Specialist Hospital। এসব প্রতিষ্ঠান ফার্টিলিটি, অনকোলজি, কার্ডিওলজি, গাইনোকলজি ও অন্যান্য বিশেষায়িত চিকিৎসাসেবায় তাদের দক্ষতা, প্রযুক্তি ও সুযোগ-সুবিধা তুলে ধরবে।
মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতে বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাজার। দেশটির হাসপাতালগুলোতে ১০ হাজার ৮০০-এর বেশি বাংলাদেশি স্বাস্থ্যসেবা ভ্রমণকারীর মাধ্যমে প্রায় ১০ দশমিক ৪ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (RM) রাজস্ব অর্জিত হয়েছে বলে জানিয়েছে MHTC।
ঢাকায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF)-এও অংশ নিচ্ছে MHTC। এর মাধ্যমে বাংলাদেশি রোগী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পের অংশীজনদের মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
রাজধানীর বাইরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রথমবারের মতো চট্টগ্রামে Malaysia Healthcare Week আয়োজনের উদ্যোগ নিয়েছে MHTC। এর মাধ্যমে ‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইনের পরিধি আরও বাড়বে এবং ঢাকার বাইরের রোগী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের কাছে মালয়েশিয়ার উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

